উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণমাধ্যমের ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, গণমাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে যোগ্য ব্যক্তিদের নিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “সংস্কার নাকি সংশোধন—এ নিয়ে ভিন্নমত রয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। তবে বাইরে এসে এমন বক্তব্য দেওয়া ঠিক নয়, যা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করতে পারে।”