উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তথ্য অধিকার আইনে উন্নয়নকাজের তথ্য চেয়ে আবেদন করতে গিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী আরাফাত আলী সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত ফরমে কিছু তথ্য চেয়ে আবেদন জমা দিতে কালীগঞ্জ উপজেলা পিআইও মফিজুর রহমানের কার্যালয়ে যান আরাফাত আলী।
অভিযোগে বলা হয়েছে, তথ্য প্রস্তুতের জন্য পিআইও ওই সাংবাদিকের কাছে ৪ হাজার টাকা দাবি করেন। তবে সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
আরাফাত আলীর অভিযোগ, একপর্যায়ে পিআইও তার মুঠোফোন কেড়ে নেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তার হস্তক্ষেপে প্রায় তিন ঘণ্টা পর অফিস সহকারীর মাধ্যমে ফোনটি ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পিআইও মফিজুর রহমানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।