উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভালোবাসা যে ভৌগোলিক সীমানা, পেশা কিংবা সামাজিক অবস্থানের গণ্ডি মানে না, তার আরেকটি আলোচিত উদাহরণ সামনে এসেছে। সৌদি আরবের এক যুবক পরিবারের গৃহকর্মী হিসেবে কর্মরত এক ফিলিপিনো নারীর প্রেমে পড়ে তাকে বিয়ের প্রস্তাব দিতে সরাসরি ফিলিপাইনে পৌঁছে গেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ওই নারী ফিলিপাইনের নাগরিক। তিনি সৌদি আরবে ওই যুবকের পরিবারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। একসঙ্গে কাজের সূত্রে তাদের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় গভীর সম্পর্কে রূপ নেয়।
পরে বিয়ের সিদ্ধান্ত নিলে ওই নারী একটি শর্তের কথা জানান। তিনি চান, বিয়ের প্রস্তাবটি যেন তার পরিবারের উপস্থিতিতেই দেওয়া হয়। প্রেমিকার এই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সৌদি যুবক ফিলিপাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সৌদি যুবক ঐতিহ্যবাহী উপহারসামগ্রী নিয়ে কয়েকজনকে সঙ্গে করে কনের বাড়ির উদ্দেশে যাচ্ছেন। স্থানীয় রীতি অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন।
ভিডিওতে আরও দেখা যায়, কনের পরিবারের সদস্যরা সৌদি যুবককে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিয়ের প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ভালোবাসার প্রতি সম্মান ও প্রেমিকার পরিবারের প্রতি সৌদি যুবকের শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন। তবে ভিডিওটির সময়, স্থান ও পরবর্তী সময়ে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে কি না—এসব বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।