উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল ৫২ দশমিক ২৮ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার) থেকে ১৩ সেন্টিমিটার ওপরে। সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হয়।
পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও প্লাবিত হওয়ায় বন্যার শঙ্কা তৈরি হয়েছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী বসতি ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে রাতের দিকে উজানের পানির চাপ কমলে নদীর পানি কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, নদীতীরবর্তী এলাকায় সম্ভাব্য বন্যা ও নদীভাঙনের ঝুঁকি বিবেচনায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন।