উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে আদালতে হাজির করার সময় তার ওপর ডিম নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৫ আগস্ট) দুপুরে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার আদালতে আনা হয়।
আদালতের আদেশের পর তাকে ডিবি পুলিশের গাড়িতে তোলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
রাফিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন।
এ ঘটনায় ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে সদর থানায় মামলা দায়ের করেন।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, মামলার ভিত্তিতে ঢাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।