উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে বিজয় র্যালি করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
বুধবার (৫ আগস্ট) সকালে কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়ি চৌরাস্তা বাজার থেকে র্যালিটি শুরু হয়ে মাওয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। র্যালিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়েছে।
র্যালিতে সভাপতিত্ব করেন কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাউছার তালুকদার। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লৌহজং থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক সেকেন্দার খান বাবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানা বিএনপি মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম। এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ দিনটি গুরুত্বপূর্ণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
কর্মসূচি শেষে দেশের শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনা করে নেতাকর্মীরা অঙ্গীকার ব্যক্ত করেন।