উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাইকমিশনার ইমরান হায়দার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় অবস্থিত ওই বাসভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায়, কক্ষে বড় ধরনের আগুন না থাকলেও ধোঁয়া ছিল। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর হাইকমিশনার ও তার স্ত্রী প্রথমে স্বাভাবিক ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে পরে তারা অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাদের রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, হাইকমিশনারের স্ত্রী নাইমা ইমরান কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। আর হাইকমিশনার ইমরান হায়দারকে আইসিইউতে রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত করছে।