প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে সর্বোচ্চ সতর্কতা—বিদ্যুৎ বাঁচাতে আলো বন্ধ
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ইতালিতে বৃহস্পতিবার দেশটির প্রধান শহরগুলোতে সর্বোচ্চ পর্যায়ের স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ সংকট ও অতিরিক্ত চাহিদার চাপ সামাল দিতে হাঙ্গেরির গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় রাতের আলোকসজ্জা বন্ধ করা হয়েছে।
এদিকে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় হাঙ্গেরি ও রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়েছে। নদীর পানি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় ব্যবহৃত হওয়ায় উৎপাদন কমিয়ে দিতে হয়েছে।
ইউরোপ বর্তমানে তীব্র তাপপ্রবাহ, দাবানল ও খরার মতো একাধিক সমস্যার মুখোমুখি। চলতি গ্রীষ্মে ফ্রান্স ও স্পেনসহ কয়েকটি দেশে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও ভবিষ্যতে দাবানলের ঝুঁকি কমাতে সদস্য দেশগুলোকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
ইতালিতে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা
ইতালিতে তাপপ্রবাহের তীব্রতা এতটাই বেড়েছে যে দক্ষিণের সিসিলি থেকে শুরু করে উত্তরের পার্বত্য অঞ্চল পর্যন্ত বিভিন্ন শহরে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তাপমাত্রা অব্যাহত থাকায় সাধারণ মানুষের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার উত্তরাঞ্চলের এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রাভেন্নার কাছে বাগনাকাভালো এলাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
তীব্র গরমের মধ্যেও ইতালির আসিসি শহরে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। গরম থেকে স্বস্তি দিতে সেখানে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়। রোমে পর্যটকদের অনেকে ছাতা ব্যবহার করছেন এবং শহরের বিভিন্ন ফোয়ারার পানি দিয়ে সাময়িক স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন।
বিদ্যুৎ বাঁচাতে স্থাপনায় আলো বন্ধ হাঙ্গেরিতে
তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় হাঙ্গেরিতে সরকারি প্রতিষ্ঠানগুলোর অপ্রয়োজনীয় ও আলংকারিক আলো রাতে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুদাপেস্টের পার্লামেন্ট ভবন, বুদা ক্যাসেলের বিভিন্ন অংশ এবং চেইন ব্রিজসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও রাতের আলোকসজ্জা কমানো হয়েছে।
এর মধ্যে দানিয়ুব নদীর পানির স্তর রেকর্ড কমে যাওয়ায় দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়েছে। বিদ্যুৎকেন্দ্রটি শীতলীকরণের জন্য নদীর পানি ব্যবহার করে।
রোমানিয়াতেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শঙ্কা
পার্শ্ববর্তী রোমানিয়াও একই ধরনের সংকটে পড়েছে। দেশটির একমাত্র সচল পারমাণবিক রিঅ্যাক্টরের জন্য দানিয়ুব নদী থেকে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
রাজধানী বুখারেস্টে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সড়কের বাতির তীব্রতা কমানো হয়েছে। পাশাপাশি রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও জাদুঘরের আলোকসজ্জাও বন্ধ রাখা হচ্ছে।
মলদোভাতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশটির সরকার নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় প্রয়োজন হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আশঙ্কাও তৈরি হয়েছে।
রাইন নদীতেও পানির সংকট
শুধু দানিয়ুব নয়, জার্মানির রাইন নদীর পানির স্তর কমে যাওয়ায় নৌপরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। পানির গভীরতা কম থাকায় অনেক জাহাজকে পূর্ণ সক্ষমতার তুলনায় কম পণ্য নিয়ে চলতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে।
ইউরোপের গুরুত্বপূর্ণ এই নদীপথ দিয়ে শস্য, খনিজ, কয়লা ও বিভিন্ন জ্বালানি পণ্য পরিবহন করা হয়।
১১ ডিগ্রি তাপমাত্রার গুহায় পর্যটকদের আশ্রয়
তীব্র গরম থেকে বাঁচতে বসনিয়া ও হার্জেগোভিনায় পর্যটকদের কেউ কেউ আশ্রয় নিচ্ছেন ভিয়েত্রেনিৎসা গুহায়। বাইরে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেও গুহাটির ভেতরের তাপমাত্রা সারা বছর প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস থাকে।
ইউনেস্কোর তালিকাভুক্ত এই গুহাটি জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ। পরিবেশগত সংবেদনশীলতার কারণে সেখানে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে ক্রমবর্ধমান তাপমাত্রা ও চরম আবহাওয়ার ঘটনা জনস্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও পরিবেশ—সব ক্ষেত্রেই বাড়তি চাপ তৈরি করছে।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।