উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য যানবাহন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকার বিষয়ে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। তিনি সিএনজি চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের ব্যয় বহন করেন বলে জানা গেছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় আজিজ গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। আন্দোলনের সময় রাজধানীর মহাখালী এলাকায় তিনি আন্দোলনকারীদের পানি সরবরাহ এবং আহত ব্যক্তিদের নিজের রিকশায় হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করেন বলে জানানো হয়েছে।
গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।
অন্যদিকে, বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। কর্মসংস্থানের অভাবে তিনি আর্থিক সংকটে ছিলেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে নিরাপদে নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।