উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি বহুতল ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় ভবনের দ্বিতীয় তলায় থাকা ইসলামি জেনারেল হাসপাতাল, যমুনা ব্যাংকসহ আশপাশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার মালির অংক বাজারের একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, আগুনের কারণে ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল ও যমুনা ব্যাংক ছিল। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি থাকা চারজন সিজারিয়ান প্রসূতিসহ আবাসিক অংশে থাকা লোকজনকে দ্রুত ও নিরাপদে ভবন থেকে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিচতলার ‘আমির হোসেন বস্ত্রালয়’ নামের একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে দ্বিতীয় তলায় থাকা হাসপাতাল, ব্যাংক এবং আশপাশের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে ওই কাপড়ের দোকানের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।