উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক (ইকোনোমিক) করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চীন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান।
তিনি বলেন, প্রস্তাবিত এই ইকোনোমিক করিডোরের উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনীতির পরিধি বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য ও লেনদেন সম্প্রসারণ এবং বহুমুখী (মাল্টি-মোডাল) পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে পণ্য পরিবহন এবং বাণিজ্যিক যোগাযোগ নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কার্যালয়ে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আগে স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন।
সফর শেষে স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তার এবং সফরসঙ্গীদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।