উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি তরুণ সমাজের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমসহ সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ পাচার রোধ এবং তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।