শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাহিত্য-সংস্কৃতি

মাদকের বিরুদ্ধে সুরের লড়াই, মুন্সীগঞ্জে স্বজন সমাবেশের ‘গানে গানে সন্ধ্যা’

"মাদকের বিষাক্ত ধোঁয়া নয়, সুরের আলোয় হোক জয়"— এই স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশ, মুন্সীগঞ্জ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে অনুষ্ঠিত ‘গানে গানে সন্ধ্যা’ শীর্ষক এ আয়োজনে সংগীত পরিবেশন করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ও সাংবাদিক-কণ্ঠশিল্পী সোনিয়া হাবিব লাবনী। অনুষ্ঠানের সূচনা হয় শিশু শিল্পী স্বীকৃতি অধিকারীর গান দিয়ে। পরে একে একে দেশাত্মবোধক, আধুনিক ও সচেতনতামূলক গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গানের সুরে মুগ্ধ দর্শকরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও স্বজন সমাবেশের উপদেষ্টা মো. আরিফ উল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবুর রহমান শেখ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদী, অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, সাংবাদিক মাহবুবুর আলম লিটন এবং জুয়েল রানা। মানবিক শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট আক্তারুজ্জামান আবুল ও অ্যাডভোকেট শাহ আলম। সংগীত পরিবেশনায় যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন তবলায় বাদল সাহা, কিবোর্ডে মজনু শাই, অক্টোপ্যাডে জীবন এবং গিটারে নয়ন। অনুষ্ঠানের শেষে আয়োজকরা "মাদকের বিষাক্ত ধোঁয়া নয়, সুরের আলোয় হোক জয়" স্লোগানকে ধারণ করে মাদকবিরোধী সাংস্কৃতিক আন্দোলন আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদকের বিরুদ্ধে সুরের লড়াই, মুন্সীগঞ্জে স্বজন সমাবেশের ‘গানে গানে সন্ধ্যা’