শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য-চিকিৎসা

৫০ বছরের নিচে নারীদের ৯৫% স্তন ক্যানসার ঝুঁকি শনাক্ত হচ্ছে না: গবেষণা

৫০ বছরের কম বয়সী নারীদের মধ্যে যারা আগামী এক দশকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাদের অধিকাংশকেই বর্তমান চিকিৎসা নির্দেশনায় শনাক্ত করা যাচ্ছে না বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ, লন্ডনের (আইসিআর) গবেষণায় দেখা গেছে, বর্তমানে চিকিৎসকদের জন্য ব্যবহৃত ঝুঁকি মূল্যায়ন মানদণ্ড ৫০ বছরের নিচের নারীদের মধ্যে সম্ভাব্য স্তন ক্যানসার রোগীর প্রায় ৯৫ শতাংশকে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব ক্যানসার-এ। গবেষণার ফল প্রকাশের পর প্রচলিত নির্দেশিকা পুনর্বিবেচনার দাবি উঠেছে। বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার। বিশেষ করে ৫০ বছরের কম বয়সী নারীদের মৃত্যুর অন্যতম বড় কারণ এটি। ঝুঁকিপূর্ণ নারীদের আগেভাগে শনাক্ত করা গেলে অতিরিক্ত পরীক্ষা, পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক চিকিৎসার সুযোগ তৈরি হয়। গবেষণায় দেখা যায়, যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস)-এর বর্তমান মানদণ্ড মূলত পারিবারিক ইতিহাসের ওপর বেশি নির্ভরশীল। কিন্তু গবেষকদের মতে, আগামী ১০ বছরের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়া ৫০ বছরের কম বয়সী নারীদের প্রায় ৭৩ শতাংশের পরিবারে স্তন ক্যানসারের কোনো ইতিহাস ছিল না। গবেষকরা কেমব্রিজ ও ক্যানসার রিসার্চ ইউকের অর্থায়নে তৈরি ‘বোডিসিয়া’ (Boadicea) নামের নতুন ঝুঁকি মূল্যায়ন পদ্ধতির সঙ্গে বর্তমান নির্দেশনা তুলনা করেন। এতে দেখা যায়, নতুন পদ্ধতিতে প্রচলিত পদ্ধতির তুলনায় আট গুণ বেশি ঝুঁকিপূর্ণ নারী শনাক্ত করা সম্ভব। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জুলিয়েট উশার-স্মিথ বলেন, “যেসব নারী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, তাদের দ্রুত শনাক্ত করতে হবে, যাতে রোগ প্রতিরোধ বা সফল চিকিৎসার সুযোগ বাড়ে।” ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক মনসেরাত গার্সিয়া-ক্লোসাস বলেন, নতুন ঝুঁকি নির্ধারণ পদ্ধতি আরও কার্যকর হলেও এর জন্য অতিরিক্ত তথ্য সংগ্রহ, জেনেটিক পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। গবেষণায় সহায়তাকারী সংস্থা ব্রেস্ট ক্যানসার নাও-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইমন ভিনসেন্ট বলেন, নতুন পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ নারীদের দ্রুত শনাক্ত করা গেলে কিছু স্তন ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হতে পারে এবং আক্রান্তদের আগেই চিকিৎসা শুরু করা যাবে। তবে নাইস জানিয়েছে, নতুন গবেষণার ফল তারা স্বাগত জানালেও বর্তমান প্রমাণের ভিত্তিতে এখনই প্রচলিত নির্দেশনা পরিবর্তনের প্রয়োজন মনে করছে না। নতুন তথ্য ও বাস্তব প্রয়োগের বিষয় বিবেচনা করে ভবিষ্যতে নির্দেশনা হালনাগাদ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যানসারের ঝুঁকি শুধু পারিবারিক ইতিহাসের ওপর নির্ভর করে না; জীবনযাপন, প্রজনন ইতিহাস ও জেনেটিকসহ আরও অনেক বিষয় এতে ভূমিকা রাখে।

৫০ বছরের নিচে নারীদের ৯৫% স্তন ক্যানসার ঝুঁকি শনাক্ত হচ্ছে না: গবেষণা