শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

অপরাধ দুর্নীতি

বেনাপোল মহাসড়কে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক স্লাগ:

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় মো. ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক ফারুকের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেকসহ মোট পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৫২৯ দশমিক ৬৪ গ্রাম। আটক ব্যক্তি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে বলে জানিয়েছে বিজিবি। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। জব্দ করা মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত আলামতের মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বেনাপোল মহাসড়কে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক  স্লাগ: